বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কুইন অব টেরর অ্যান্ড হরর’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বোমা মেরে মানুষ হত্যা, দেশ ও জনগণের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি’ বন্ধের দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতি মানুষের কল্যাণের জন্য। কিন্তু খালেদা রাজনীতির নামে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সারাদেশের সাধারণ মানুষের উপর পেট্রোলবোমা নিক্ষেপ করে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যা সারা বিশ্বে নজিরবিহীন ঘটনা। খালেদা আজ বাংলার মানুষের কাছে ‘কুইন অব টেরর অ্যান্ড হরর’ হিসেবে প্রতিয়মান হয়েছেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া যতোই বোমা মারছেন, গাড়ি পোড়াচ্ছেন, মানুষ মারছেন তাতে তিনি ততোই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তার পক্ষে আর জনগণের মেন্ডেড নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।’
হাছান মাহমুদ বলেন, ‘আজকে খালেদা জিয়ার সহিংসতার হাত থেকে শুধু মানুষ নয় খাদ্যপণ্যবাহী যানবাহনও রক্ষা পাচ্ছে না।’ পৃথিবীতে যেসব দেশে জাতিগত সংঘাত চলছে সেসব দেশেও এমন সহিংসতা কেউ ঘটায়নি বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়াকে হুঁশিয়ার করে তিনি আরো বলেন, ‘আপনি গুলশানে বসে পেট্রোলবোমা সাপ্লাই দেবেন আর ভাববেন দেশের মানুষ চেয়ে চেয়ে দেখবে? সেটা হবে না। এমনভাবে চলতে থাকলে আপনি পালাবার পথও খুঁজে পাবেন না।’ সহিংসতার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সাবেক এই মন্ত্রী।
সমাবেশে আয়োজক সংগঠনের সহ-সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম, সাংবাদিক সাইফুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
এসএইচ





