কারাবন্দি বিএনপি’র চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে বিফল হয়ে ফিরতে হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’সহ বিএনপির তিন নেতাকে।

বেগম জিয়ার অসুস্থতা নিয়ে নানা আলোচনার মধ্যে আজ(বৃহস্পতিবার) বিকালে তার সঙ্গে দেখা করতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও নজরুল ইসলাম খান।  

বিকাল ৩টা ৩৫ মিনিটে তারা কারাগারে পৌঁছালে তাদেরকে ফটকসংলগ্ন অনুসন্ধান কেন্দ্রে অপেক্ষা করতে বলা হয়। ১৫ মিনিট পর কারা কর্পক্ষ বিএনপিপ্রধানের সঙ্গে দেখা হবে না বলে জানিয়ে দেয়। পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “ম্যাডামের স্বাস্থ্য খারাপ জেনে আমরা দেখা করার অনুমতি পেয়েছিলাম। গত পরশু আমাদেরকে একটা সময় দেওয়া হয়েছিল, সেটা বাতিল করে আজকে আবার সময় দেওয়া হয়েছে৩টা থেকে ৪টার মধ্যে। আমরা সে কারণেই এসেছিলাম। ”

মির্জা ফখরুল বলেন, “এখন আমাদেরকে বলা হচ্ছে, আজকেও সম্ভব হচ্ছে না। দুই-একদিনের মধ্যে হতে পারে। কর্পক্ষ আমাদেরকে সে কথাটাই বলেছে। সেকারণেই সম্ভব হয় নাই।”

দেখা করতে না দেওয়ার কারণ জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, “আইজি প্রিজন সাহেব আজকে কাশিমপুরে গেছেন। সেটাই আমরা জানতে পেরেছি।”

গত ৬ এপ্রিল মির্জা ফখরুল কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। এর পরদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় বেগম জিয়াকে।  কারাবন্দি খালেদা জিয়া সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে বিএনপির অভিযোগ রয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে।

এমবি