বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগদান শেষে বের হয়ে যাওয়ার পথে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠানে এসেছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ। অনুষ্ঠান শেষ করে তারা প্রেসক্লাব থেকে বের হতে গেলে পুলিশ তাদের আটক করে।

আটকের বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, আটকের খবর শুনেছি। তবে এখনও বিস্তারিত কিছু জানি না। খোঁজ নিয়ে পরে জানাচ্ছি।

ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিএম মোশাররফ হোসেনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটানাও ঘটে। ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে ৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

এমএম