বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘দমন-পীড়ণ চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের পথ থেকে পিছপা না হলে দেশ আরো চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে।’
গতরাতে জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকিরকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে দাবি করে তার সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনির সই করা বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বর্তমান সরকার গণতান্ত্রিক আচার আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতি মাত্রায় নির্ভরশীলতার কারণেই দেশের পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার ফলশ্রুতিতে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের জীবন যাত্রা এখন চরম হুমকির মুখে। সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি চলছে গুম আতঙ্ক। তারই ধারাবাহিকতায় গতরাতে জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকিরকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করা হয়নি।’
বরকত উল্লাহ বুলু অবিলম্বে আমিনুল ইসলাম জাকিরের সন্ধান দাবি করে তার পরিবার পরিজনকে উদ্বেগ উৎকণ্ঠার হাত থেকে রক্ষা করার জোর দাবি জানান।
এদিকে নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নওশের আলী বাদশা আজ সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। নওশের আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
জেআই





