বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, ছাত্রলীগ সন্ত্রাসীদের কারণে দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়েছে। সন্ত্রাসীদের দমন করে ছাত্রসমাজ ও দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেই ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর এক মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শাখা সভাপতি নাজিমউদ্দিন।
শিবির সভাপতি বলেন,ছাত্র হত্যা, নির্যাতন, ধর্ষণের মাধ্যমে ছাত্রলীগ সন্ত্রাসীরা দেশের শিক্ষাঙ্গনকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই অবস্থায় সচেতন ছাত্রসমাজকে ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। অন্যথায় সামনের দিনে ক্যাম্পাসে ছাত্ররা নয়, শুধু ছাত্র নামধারী সন্ত্রাসীরাই বিচরণ করবে।
তিনি আরও বলেন, ছাত্রশিবির ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে ছাত্রসমাজকে সাথে নিয়ে কাজ করছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফেরাতে শিবির ছাত্রসমাজকে সাথে নিয়ে ক্যাম্পাসে যে কোন ধরণের সন্ত্রাসকে প্রতিহত করবে। কোন সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। ঢাকার প্রতিটি ক্যাম্পাসসহ দেশের কোথাও সন্ত্রাসী গোষ্ঠীকে ষড়যন্ত্র চালিয়ে যেতে দেয়া হবে না।
তিনি সমবেত ছাত্রদের উদ্দেশে বলেন, পবিত্র রমযান মাসে আপনাদের ধৈর্য্য ও সহনশীলতার শিক্ষা গ্রহণ করতে হবে। ধৈর্য্য ধরেই আন্দোলনের পথে টিকে থাকতে হবে। জালিম শাসকের বিরুদ্ধে আন্দোলন করা সময়ের বড় দাবি। সাহসের সাথে পথ চলে সে দাবি পূরণ করতে হবে। ঈদের পর দেশের প্রয়োজনে আন্দোলনের ডাক দেয়া হলে সে আন্দোলনে সর্বাত্মক প্রস্তুতিসহ ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি রমযানকে আত্মশুদ্ধির জন্য কাজে লাগাতে ছাত্রসমাজের প্রতি আহবান জানান।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





