ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ২০ দলীয় জোট ঘোষিত আগামীকাল ১৬ আগষ্ট শনিবার দেশব্যাপী কালো পতাকা মিছিল সফল করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
এক বিবৃতিতে মহানগরী আমীর বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরাইলী বাহিনী ইতিহাসের নির্মমতম ধ্বংসযজ্ঞ ও নিষ্ঠুর গণহত্যা চালাচ্ছে। ঘাতক ইসরাইলী বাহিনী মাত্র কয়েক দিনেই পুরো গাজা নগরীকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। নির্বিচারে বেসামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে। এতে হাজার হাজার ফিলিস্তিনী মুসলিম নিহত হয়েছে। আহত ও পঙ্গুত্ববরণ এবং ভিটেমাটি মাটি ছাড়া হয়েছেন লক্ষ লক্ষ বনি আদম। নিহতদের মধ্যে অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ।
ইসরাইলী বাহিনী জেনেভা কনভেনশনের শর্তাবলী ভঙ্গ করে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে লিপ্ত। হায়েনাদের জিঘাংসা থেকে রক্ষা পায়নি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, উপাসনালয়, হাসপাতাল, আশ্রয় কেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থার মিশনসহ দেশী-বিদেশী সাংবাদিকরা।
ফলে গোটা গাজা নগরীই এখন মৃত্যুপুরী ও আতংকের জনপদে পরিণত হয়েছে। যা হিটলার বাহিনীর বর্বরতা ও হালাকু খানের বাগদাদ ধ্বংসের নির্মমতা এবং নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। এমতাবস্থায় বিশ্ববিবেক কোন ভাবেই নিরব ও নির্লিপ্ত থাকতে পারে না।
তিনি বলেন, মূলত ইসরাইলী বাহিনী ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত সম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদ প্রতিষ্ঠার নগ্ন স্বপ্ন দেখছে। প্রতিদিনই ফিলিস্তিনী মুসলমানদের রক্তে পবিত্র ভূখন্ড রক্তাক্ত করা হচ্ছে। প্রতিনিয়ত গোলা বর্ষণ ও বারুদেও গন্ধে গাজা নগরীর আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।
মানুষ জীবন রক্ষায় ও নিরাপদ আশ্রয়ের জন দিকবিদিক ছোটাছুটি করছে। ক্রমেই লাশের মিছিল প্রলম্বিত হচ্ছে। গাজা নগরীর সর্বত্রই স্বজনহারাদের আর্তনাদ। আহতদের আহাজারী গাজা নগরীর পথে-প্রান্তরে। কিন্তু থেমে নেই ঘাতক ইহুদী বাহিনীর নিধনযজ্ঞ ও হত্যাযজ্ঞ।
এ বিষয়ে বিশ্বজনমত সোচ্চার হলেও বর্বর ইসরাইলী বাহিনী সেদিকে কোন কর্মপাত করছে না বরং তারা নির্মম গণহত্যা নির্বিবাদে চালিয়ে যাচ্ছে। তিনি গাজায় ইসরাইলী হামলা ও গণহত্যা বন্ধে জাতিসংঘ, ও আই সি ও আরবলীগসহ বিশ্বসংস্থারগুলোকে বলিষ্ঠ ও সোচ্চার ভূমিকা পালনের আহবান জানান। ইসরাইলী নির্মমতা ও বর্বরতা বন্ধ করা না গেলে বিশ্বসভ্যতা হুমকীর মুখে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় একবিংশ শতাব্দীর ভয়াবহ ধবংসযজ্ঞ ও গণহত্যা চলছে। সৃষ্ট পরিস্থিতিতে কোন শান্তিপ্রিয় মানুষ নিরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। তাই ২০ দলীয় জোট ফিলিস্তিনের মজলুম মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মীতা প্রকাশের জন্য দেশব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচী ঘোষণা করেছে।
তিনি ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে ২০ দলীয় জোট ঘোষিত আগামীকাল ১৬ আগষ্ট শনিবার দেশব্যাপী কালো পতাকা মিছিল সর্বাত্মকভাবে সফল করতে সকলস্তরের নগরবাসীর প্রতি আহবান জানান।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





