বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, পাতানো নির্বাচন করতে চাইলে এখনই বলে দেন, আমরা এসেছি এবং বসেছি তাহলে বাকিটা পরে দেখা যাবে। সেইসাথে আগামী ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সেরা জনসভা হবে বলে তিনি মন্তব্য করেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বও চন্দ্র রায়, আব্দুস সালাম, আবুল খায়ের ভুইয়া প্রমুখ।
মির্জা আব্বাস বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ইতিমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দীতে জনসভা করার অনুমতি চেয়েছি, আশাকরি অনুমতি পাবো। ৭ নভেম্বর জনসভা হবে বিএনপির স্মরণকালের সেরা জনসভা।
তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি সরকার বিএনপিকে অনুমতি না দিলেও একই স্থানে আওয়ামী লীগ তাদের সম্মেলন করেছে । যদিও আওয়ামী লীগ তাদের সম্মেলন উপলক্ষে সারা বাংলাদেশকে অন্ধকারের নিমজ্জিত করে ঢাকা শহর আলোকিত করেছে। তবে কেউ কেউ বলেছে এটা আওয়ামী লীগের নয়, এটা পুলিশের সম্মেলন।
নগর বিএনপির আহ্বায়ক বলেন, বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে। বেশি দিন অধিকার বঞ্চিত করে রাখা যাবে না। কারণ জনগণ তাদের অধিকার আদায় করবেই।
তিনি বলেন, বিএনপি এখানো হাজার গুন সুসংগঠিত আছে। শুধু মাত্র আইন শৃঙ্খলাবাহিনীর নির্যাতন বন্ধ করে,একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ দেন তাহলেই দেখবেন বিএনপি কতটা সুসংগঠিত আছে।
এমবি





