প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের নিয়ে সরকার পরিচালনা করছেন তাদের অনেকেই শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশিট প্রদান ও সম্প্রচার নীতিমালার প্রতিবাদে জাসাস মহানগর দক্ষিণ এ প্রতিবাদ সভার আয়োজন করে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রে কলঙ্ক লেপনের জন্য হাসিনা ও তার লোকেরা নানান কুৎসা রটনা করছে।’
তিনি বলেন, ‘জেনারেল মঞ্জুর হত্যা মামলা থেকে বাঁচতেই এরশাদ কথায় কথায় হাসিনা ও সরকারের পক্ষে সাফাই গাইছে।’
জাসাস দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





