বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন ইসরাইল আজ ফিলিস্তিনবাসীর আজরাইল হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের মানুষ শান্তির পক্ষে ছিল, থাকবে। মন্ত্রিপরিষদ এ ঘটনার নিন্দা করেছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় মেনন এসব কথা বলেন।
তিনি গাজায় ফিলিস্তিনী জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন।
মেনন বলেন, ইসরাইলের নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অবস্থাতেই এ বর্বরতা মেনে নেয়া যায় না।
বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি ও বিশ্ব শান্তি পরিষদের সহ-সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে মানববন্ধনে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, বিশিষ্ট ছাত্রনেত্রী লুৎফুন নেসা খান, ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বক্তারা ইসরাইলকে মানবতাবিরোধী অপশক্তি আখ্যায়িত করে গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহবান জানান। তারা বলেন, ইসরাইল যা করছে তা যুদ্ধ নয়, মানবতার কলঙ্ক।
বক্তারা ইসরাইল যুদ্ধ বন্ধ না করলে প্রয়োজনে তাদের মদদদাতাদের পণ্য বর্জনের হুমকি দেন। এ সময় ইসরাইলের বর্বরোচিত হামলায় আরব বিশ্বের নীরবতায় বক্তারা বিস্ময় প্রকাশ করেন।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





