সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা দিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার মিলনায়তনে ‘বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু মানবাধিকার প্রতিবেদন-২০১৪’ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন পরবর্তী আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খন্দকার মাহবুব হোসেন বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করতে সরকার নিজেদের সংখ্যালঘু দরদী দাবি করে। কিন্তু তাদের জানমালের নিরাপত্তা দিতে সরকার পুরোপুরি ব্যর্থ।
সংখ্যালঘু শব্দটি সংবিধান থেকে তুলে দেওয়ারও দাবি জানান বিএনপিপন্থি এ আইনজীবী।
এর আগে প্রকাশিত প্রতিবেদনের সার সংক্ষেপ তুলে ধরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ’র (বিএমডব্লিউ) সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের ওপর আরওআলোচনা করেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।
নিজেদের ওপর স্থানীয় প্রভাবশালীদের নির্যাতনের বর্ণনা দেন টাঙ্গাইলের বিষ্ণুভূষণ বিশ্বাস, কুমিল্লার লাকসামের খোকন চন্দ্র দাস, সিলেটের ফেলানি রানী দাস প্রমুখ।
প্রকাশনাটির যৌথ আয়োজক গ্লোবাল হিউম্যান রাইটস, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এবং বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট।
জেআই





