গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর মিছিলে পুলিশ হামলা চালালে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ওসিসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৬ জামায়াত কর্মীকে আটক করেছে।

বুধবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কাপাসিয়া উপজেলার খিরাটী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডাদেশ দেওয়ার ঘটনায় বুধবার রাত ৮টার দিকে জামায়াতে ইসলাম কাপাসিয়ার খিরাটী বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দিতে গেলে জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড গুলি ছোড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলে ধাওয়া ও পাল্টা ধাওয়া। পরে পুলিশ বিভিন্ন স্থান থেকে ৬ জামায়াত কর্মীকে আটক করে।

এ ঘটনায় কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ, উপ-পরিদর্শক (এসআই) আফছার আহমেদ, কনস্টেবল আবুল কালাম, বিশেষ আনসার ইউসুফ, জামায়াত নেতা ইমতিয়াজ হোসেন বকুল, জসিম, রতন মাস্টার, শাজাহান, আলম, সিরাজ, হামিদসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ঘাগটিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আমিন উদ্দিন মোল্লা (৬০), জালাল উদ্দিন (৫০), আবুল কাশেম (১৮), মোশাররফ (৫০), মিজানুর রহমান (২০), মাসুদুর রহমানকে (৪৩) আটক করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বিক্ষোভ মিছিলে বাধা দিলে জামায়াত-শিবির আমাদের উপর হামলা চালায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড গুলি ছুঁড়ি। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ