বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দফতরের সমন্বয়কারী আসাদুজ্জামান রিপন প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন,কম্বল চোরদের সাথে নিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। যারা জনগণের টাকা লুটপাট করে, তাদের নিয়ে আপনি আপনার পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবেন না।
শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বিরোধীদল হিসেবে আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব এটিই স্বাভাবিক। কিন্তু সরকার বাকশালী কায়দায় বিরোধীদলকে সহ্য করতে পারছে না বলেই দমন পীড়ন অব্যাহত রাখছে।
সরকারের মন্ত্রী আমির হোসেন আমুর সম্প্রতি দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, তার কাছ থেকে জাতি দায়িত্বশীল বক্তব্য আশা করে। সরকারের মন্ত্রীদের কথা বার্তায় যেন সংলাপ ও সমঝোতার পথ রূদ্ধ না হয়ে পড়ে।
আসাদুজ্জামান রিপন বর্তমান সরকারকে বেহায়া উল্লেখ করে বলেন,তারা এতই বেহায়া যে এখন জনগণের সমস্যার সমাধান না করে বিভিন্ন উৎসবে মগ্ন। তারা এখন নব্যকায়দায় বাকশাল বাস্তবায়নে ব্যস্ত বলেও মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, সরকারের মনে রাখা উচিত বিএনপি তাদের শত্রু নয়, তাদের শত্রু যারা গণবাহিনী সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা তৈরি করেছিল। যারা তাকে মাইনাস করতে চেয়েছিল।
সংবাদ সম্মেলনে দলের সহ- দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা,২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) এমএইচটি//এফএ
[/b]