বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের নেতাদের বক্তব্য প্রমাণিত হয়েছে তারা অবৈধ। আওয়ামী লীগের অনেক নেতা বলছেন আলোচনা, সংলাপ করার আগে সরকারকে বৈধ বলতে হবে এমন বক্তব্যর জবাবে তিনি এ কথা বলেন। 

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ‘সারাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংকটের আবর্তে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় আলোচনা সংলাপ চাই। জবরদখলকারী সরকার বলছে এখন আলোচনা হবে না। আমরা পাচঁ বছরের জন্য নির্বাচিত হয়েছি। তারা যদি নির্বাচন না দেয় তাহলে জনগণ মাঠে নামবে। আন্দোলনের মাধ্যমে সরকার পতন করে সুষ্ঠ নির্বাচন দিতে বাধ্য করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ অতীতেও বিরোধী দলকে ধ্বংস করার জন্য বিরোধী দলের নেতাকর্মীকে গুম খুন ও মিথ্যা মামলা দিয়ে র্নিমূল করার চেষ্টা করছে। শেখ মজিবের তো হৃদয় ছিল এদের তাও নেই। এদের একটাই উদ্দেশ্য বিরোধী দলকে ধ্বংস করা।
বিএনপির এই মূখপাত্র বলেন, গুম খুন এখন নিত্য নৈমিতিক ব্যাপার হয়ে গেছে। আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে সরকার গুম, খুন করাচ্ছে। আর এর সুযোগ নিচ্ছে র্যা ব, পুলিশ। যত গুম খুন হচ্ছে সব গুলোর তদন্তে বেরিয়ে আসছে র্যা ব জড়িত। গত এক বছরে বিরোদী দলের ৩১০ জনকে হত্যা এবং ৩৭ জনকে গুম করা হয়েছে বলে জানান তিনি।
মানুষ কোথাও নিরাপদ নয় মন্তব্য করে তিনি বলেন, মিরপুরে বিহারী পল্লীতে পুলিশের সামনেই আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়েছে। তাহলে সরকার কোথায় ? মানুষ কোথায় যাবেন ?
ফখরুল বলেন, আমরা দাওয়াত খাওয়ার জন্য আন্দোলন করি নাই। জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য অসৎ ছিল । তিনি আলোচনার সুনির্দিষ্ট প্রস্তাব দেন নি। আমরা আগেও বলেছি এখনও বলছি আলোচনা হতে হবে সুনির্দিষ্ট বিষয় নিয়ে।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলাসিক পার্টির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মোবিন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ