বিএনপি জঙ্গিদের সাথে নিয়ে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার প্রয়াত আইভি রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘রাজনৈতিকভাবে পরাজিত বিএনপি এখন জঙ্গি আশ্রয়ের রাজনীতি করছে। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে ক্ষমতা নিষ্কণ্টক করতে চাইছে। বিএনপি সব সময়ই মানুষের লাশের উপর দিয়ে অবৈধভাবে ক্ষমতায় গেছে। তারা এখন জঙ্গিদের সাথে নিয়ে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি বলেন, ‘বিএনপির আশ্রয় ও প্রশ্রয়ে এ দেশে জঙ্গিবাদের বিস্তার হয়েছিল। সম্প্রতি বিএনপির তিনজন নেতৃবৃন্দের সাথে জঙ্গিদের আর্থিক লেনদেনের বিষয়টি বেরিয়ে এসেছে। আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের ব্যাপারেও যেন খোঁজ-খবর নেওয়া হয়। তাহলে আরও যারা জঙ্গিদের অর্থায়ন করছে তাদের নামও বেরিয়ে আসবে।’

আওয়ামী লীগ সমর্থিত সাবেক এই মন্ত্রী বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্ঞাতসারে ও তারেক রহমানের পরিচালনায়। হামলা পরবর্তী সময়ের বিভিন্ন ঘটনার মাধ্যমে তা পরিষ্কারভাবে বোঝা গিয়েছিল।’

হাছান মাহমুদ বলেন, ‘হামলার পরে আহতদের সাহায্যে সাধারণ জনগণ এগিয়ে আসলেও পুলিশবাহিনী তাদের সেদিন সরিয়ে দেয়। দু’টো গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেলেও তা উদ্ধারের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। একজন পুলিশ সদস্যকেও সেদিন দায়িত্বে অবহেলার জন্য শাস্তি প্রদান করা হয়নি। এমনকি এ ঘটনায় সংসদে একটি নিন্দাপ্রস্তাবও আনা হয়নি। উল্টো হামলার জন্য আওয়ামী লীগ নেতাদের দায়ী করা হয়েছিল। এ ঘটনাগুলোই বলে দেয় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সেদিনের হামলা কারা করেছিল।’

এম এ করিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন, ক্যাপ্টেন তাজুল ইসলাম, এ্যাডভোকেট শামসুল হক টুকু প্রমুখ।

এএইচ