বার বার চেষ্টা করেও স্থানীয় নেতৃবৃন্দের অপারগতা ও প্রশাসনের বাধার কারনে অবশেষে নাটোরে আসতে পারলেন না গণ জাগরণমঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। সন্ধ্যার পর মঞ্চ তৈরি শুরুর কিছুক্ষণ পরই তা ভেঙে ফেলা হয়েছে। বেগম জিয়ার পূর্ব ঘোষিত জন সমাবেশের দিনেই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সব য্দ্ধুাপরাধীর বিচার দ্রুত করার দাবিতে জাগরণযাত্রার অংশ হিসেবে নাটোর আসার কথা ছিলে ইমরানের।
এর আগে হঠাৎ করেই বুধবার দুপুরে ইমরান এইচ সরকার নাটোর আসছেন বলে জেলা শহরে মাইকিং করা হয়। এ নিয়ে নানা বিতর্কে যদিও সংগঠনটির স্থানীয় সমন্বয়কারী তখনো বিষয়টি জানেন না বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন। সেদিন এর ঘণ্টা খানেকের মধ্যেই তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয় মাইকিং ।
জানা যায়, গণজাগরণ মঞ্চের স্থানীয় নেতারা বিএনপি চেয়ারপারসনের কর্মসূচির দিনে নাটোরে কর্মসূচি করতে অপরাগতা প্রকাশ করেন। পরে স্থানীয় নেতাদের সাথে নানা দেন দরবারের পর নিজের অবস্থান থেকে সরে আসেন ডা. ইমরান এইচ সরকার।
তবে এর পরও চলে নানা আলোচনা সমালোচনা। আবারও শুক্রবার সন্ধ্যার পর আকশ্মিক ভাবে পুনরায় স্থান পরিবর্তন করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের আহবানে মাইকিং শুরু করে গণজাগরণ মঞ্চ। এতে শহর জুড়ে নানা আলোচনা সমালোচনা ও নানা আশংকার সৃষ্টি হয়।
একটি সূত্রে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে জানা যায়, সেই মূহুর্তে ইমরান মেহেরপুরে অবস্থান করছিলেন। শনিবার সকালে শহরের পুরাতন বাসর্যাট্স্ন্ডে কর্মসূচিতে তিনি যোগ দিবেন।
এদিকে শুক্রবার রাতে শহরে জাগরণযাত্রা কর্মসূচির স্বপক্ষে মাইকিং হওয়ার পর মঞ্চের নাটোর জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট সুখময় বিপ্লু এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, “আমি এ ব্যাপারে কিছু জানিনা। কে বা কারা মাইকিং করছে জানি না। আমরা এর সঙ্গে নেই।”
একই সাথে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শুরু হয় মঞ্চ তৈরির কাজ। বিষয়টি নিয়ে নানা ঘটনার পর মঞ্চটি ভাঙাও শুরু তার কিছুক্ষণের মধ্যেই।
এ ব্যাপারে মঞ্চ তৈরির ডেকোরেটর মালিক আনু মোহাম্মদ বলেন, যার নির্দেশে মঞ্চ তৈরি হচ্ছিল তার নির্দেশেই ভেঙে ফেলা হচ্ছে। তবে কোনোভাবেই তিনি তার নাম বলতে রাজি হননি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গণজাগরণ মঞ্চের কোনো ভিত্তি নেই। এটি বন্ধ হয়ে গছে। তবে বিস্তারিত কোন কিছু বলতেই তিনি রাজি হননি।
অপরদিকে এ জাগরণ যাত্রা স্থগিত হওয়ার বিষয়ে ইমরানের কোনো বক্তব্য জানা যায়নি। তবে একটি সূত্র ইমরানের নাখোশের বিষয়টি জানালেও সিদ্ধান্ত থেকে সরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন নাটোরের সাধারণ বাসিন্দারা।
জেএ





