বিএনপি, জামায়াত, খালেদা জিয়া আর জঙ্গি হচ্ছে বাংলাদেশের অশান্তির বিষফোঁড়া। আর পাকিস্তান হচ্ছে উপমহাদেশের অশান্তির বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) আয়োজিত মহান ভাষা আন্দোলন ও কমরেড মোহাম্মাদ তোয়াহার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, গণতন্ত্রকে জঞ্জালমুক্ত না করা পর্যন্ত বাংলাদেশ আর সামনের দিকে ভালোভাবে আগাতে পারবে না। সুতরাং দেশের জনগণ, নেতা নেত্রীদের সিদ্ধান্ত নিতে হবে দেশকে শান্তির পথে, অসাম্প্রদায়িকতার পথে, উন্নয়নের পথে, সমৃদ্ধির পথে চালিত করতে হলে গণতন্ত্রকে জঞ্জালমুক্ত করতে হবে।’
বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের পলিট ব্যুর সদস্য এম এ গণি, গনতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ন্যাপের সহ সভাপতি আব্দুর রশিদ সরকার প্রমূখ।
এমএম





