শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ করে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
২৩ মার্চ কমিশন সচিবালয় থেকে চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ২১ মার্চ শিল্পমন্ত্রী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুজ্জামানকে একটি জনসভায় পরিচয় করিয়ে দেন এবং তাঁর পক্ষে ভোট চান। বিষয়টি উপজেলা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘণ।
চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমপদমর্যাদার সরকারি সুবিধাভোগী কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।
ইসি সূত্র আরও জানায়, যেসব জায়গায় ভোট জালিয়াতি ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, কমিশন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে। একই বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]