ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়েছে। নেতাকর্মীদের ঢল নেমেছে এই জনসভায়। স্লোগানে স্লোগানে তারা সমাবেশস্থল মুখর করে রেখেছে সোহরাওয়ার্দী উদ্যান।
এই জনসভা থেকে ৭ দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি ও নতুন বার্তা দেবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এই জোট।
আজ (০৬ নভেম্বর) দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নেতাকর্মী ও সমর্থকদের ভিড়।
জনসভায় আগত রাজধানীসহ ঢাকার আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মুখর করে রেখেছেন। তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছেন। এছাড়া, নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সকাল থেকেই সংগীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
প্রধান বক্তা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এই জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
এমবি





