বাংলাদেশ পুলিশের এক হিসেব বলছে, চলতি বছরের প্রথম ৪ মাসেই হত্যাকাণ্ড ঘটেছে সাড়ে ১১শ’র বেশি। এর মধ্যে বেশ কয়েকটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, যেসব স্থানে হামলা হতে পারে সেসব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এসব হত্যাকাণ্ড ঠেকানোর জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে আইনমন্ত্রী বলেন, যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ 'সরকারকে' এ ব্যাপারে সহায়তা করতে চায় তবে সে সহায়তা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
এসব হত্যাকাণ্ডের সাথে দেশের মধ্যকার জঙ্গি সংগঠনগুলো জড়িত আছে বলে তিনি মন্তব্য করেন। গত সপ্তাহে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীকে প্রকাশ্যে হত্যা, একই দিনে একজন খ্রিস্টান মুদি দোকানদারকে হত্যা, দু’দিন বাদে একজন হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যা করা হয়।
এসব হত্যাকাণ্ড ছাড়াও গত কয়েক মাসে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে যেগুলোকে পুলিশ পরিকল্পিত বা টার্গেট কিলিং বলে অভিহিত করছেন।
এ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, এসব হত্যাকাণ্ডের তদন্তকাজ অনেক জায়গায় প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। অনেকগুলো হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ তদন্তকরে অপরাধীদের সনাক্ত করেছে।
এসএম





