খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে। তাই যে যাই বলুক না কেন? এই সন্ত্রাসীদের সঙ্গে কোন সংলাপ নয়।অমানুষ ও পশুদের সঙ্গে সংলাপের প্রশ্নই উঠে না।

শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী বলেন, আপনাদের দেশি-বিদেশি বন্ধুরাই বলেন এসমস্ত সন্ত্রাসী কর্ম কান্ড ছাড়ার জন্য। আর জামায়াতের সঙ্গ ত্যাগ করার জন্য। তবে যে যাই বলুক, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়।  অমানুষ এবং পশুদের সঙ্গে সংলাপের কোনো প্রশ্ন উঠে না।

তিনি আরও বলেন, আজ বিএনপি’র মুখোশ উন্মোচিত হয়েছে। পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে বর্তমান সরকার কোনো দলকে নয় বরং সন্ত্রাসী দমন করছে। আগে বিএনপিকে সন্ত্রাস তারপর তাদের সাথে সংলাপ।

কামরুল বলেন, জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক সেজে বিএনপি নেতারা প্রশ্ন করে নিজেদের পক্ষে কথা বের করার চেষ্টা করেন।

সংগঠনের সহ-সভাপতি ড. এনামুল হকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়াতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্ধার, সংগঠনটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

এমআর