গতকাল মঙ্গলবার গাবতলী থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদর্শন করে দয়াগঞ্জ রায়সাহেব বাজার মোড়ে গিয়ে প্রথম দিনের পদযাত্রা শেষ হয়।
পদযাত্রা সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এর আগে দুপুর ১২টার দিকে গাবতলী থেকে মিরপুর বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রাটি গেলে এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এসময় বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করতে পাল্টা পাটকেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষ বাঁধে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা।
এছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় বিএনপির প্রথম দিনের পদযাত্রা।
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক দফা দাবিতে দেশের সব জেলা ও মহানগরীতে বিএনপি দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে।
গত বুধবার (১২ জুলাই) ঢাকায় সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা দাবিতে এই পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন।
এনএইচ





