নাটোরের গুরুদাসপুর উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী ও দুই মেয়ে’সহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান আহত হয়েছেন। এসময় তার মাইক্রোবাসের ড্রাইভার নিশানও আহত হন।
রোববার (০২ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকাল ৫টার দিকে হাবিবুর রহমান তার স্ত্রী নাজমা হক মেয়ে বাবলী, অন্তরাকে নিয়ে মাইক্রোবাসযোগে ঈশ্বরদী থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা বিশ্বরোডে তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে রাজশাহীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা সবাই আহত হন।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজ, সাবেক পৌর মেয়র ও সাধারন সম্পাদক মো. আমজাদ হোসেন’সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে যান।
গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমবি





