বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ছাড়া দেশের কোথাও অবরোধ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথক তিনটি মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
জনবিরোধী হরতাল-অবরোধের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি।
মোজাম্মেল হক বলেন, ‘খালেদা জিয়া অবরোধ দিয়েছেন, কিন্তু দেশের কোথাও তার ডাকে অবরোধ পালিত হচ্ছে না। অবরোধ শুধু খালেদার কার্যালয়েই পালিত হচ্ছে। অবরোধের নামে বিএনপি-জামায়াত জোট বিচ্ছিন্নভাবে দেশব্যাপী নাশকতা চালিয়ে যাচ্ছে।’
জনপ্রতিরোধের মুখে এই বাংলার বুকে নাশকতার নেত্রী খালেদার রাজনৈতিক কবর রচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার গায়ের জ্বালা একটাই, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভালো চলছে। পাকিস্তান অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে। আর বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে জায়গা করে নিচ্ছে। উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে ধ্বংস করতেই খালেদা নাশকতার মাধ্যমে গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছেন।’
জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে গুলি করতে আইন-শৃঙ্খলাবাহিনীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘নাশকতাকারীদের গুলি করা ছাড়া আর কোনো পথ নেই।’
অনেক সুশীল সমাজ আলোচনার কথা বলছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশের উন্নয়নের প্রতীক আর খালেদা দেশের ধ্বংসের প্রতীক। বেগম খালেদা জিয়া মানুষ হত্যার উন্মাদনায় মত্ত। তাই তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।’
মানববন্ধনের আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।
জেআই





