বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বনানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি।

আজ (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ থেকে শুরু করে মিছিলটি কাকলী মোড় পর্যন্ত মিছিল করেন বিএনপি নেতারা।

চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে দলটি এই মিছিল বের করেছে বলে গণমাধ্যমকে জানান রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। কেননা তাকে যে মামলায় কারাগারে নেয়া হয়েছিল, সে মামলায় তিনি জামিনে আছেন। অথচ বানোয়াট মামলায় তাকে আটকে রাখা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানাচ্ছি।  

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে এই পুরনো কারাগারে খালেদা জিয়াই একমাত্র বন্দি হিসেবে রয়েছেন।  

এমবি