আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কানাডার সংবিধানের বাধ্যবাধকতার কারণে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে। তবে তাঁকে ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি জানান।

আজ রোববার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিম্ন আদালতের বিচারকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন ।

মন্ত্রী আরো জানান, এ ক্ষেত্রে সে দেশের সংবিধানকে রক্ষা করে কীভাবে তাঁকে ফিরিয়ে আনা যায় সে বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

আনিসুল হক বলেন, তাঁকে কীভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে এখানে ব্যাখ্যা দেয়া সম্ভব না। তবে ফিরিয়ে আনার উপায় আছে বলেই আলাপ-আলোচনা চলছে।

এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কানাডা সফর করে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এ বিষয়ে আলাপ করেছেন বলেও জানান মন্ত্রী।

এমবি