বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় অফিসে আজ সকালে ঘণ্টাব্যাপী পুলিশের তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন,  একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক কোন রাজনৈতিক দলের অফিসে পুলিশী হামলা-তল্লাশি সম্পূর্ণ অন্যায় ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। আমরা সরকারের এই ধরনের গর্হিত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সরকার বিরোধী দলকে কথা বলতে দিচ্ছে না, রাজপথে মিছিল-সমাবেশসহ সব ধরনের কর্মসূচি পালনে বাধা দিচ্ছে। আবার নির্বাচনের পুর্ব মুহুর্তে বিরোধী  রাজনৈতিক দল সমুহের অফিসে তল্লাশি চালিয়ে ভীতি প্রদর্শন করছে ও  রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করছে।

সরকারের এই ধরনের অন্যায় ও অগণতান্ত্রিক আচরণ কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে অকল্পনীয়। এ ধরনের আচরণের মাধ্যমে সরকারের ফ্যাসিবাদ ও একদলীয় স্বৈরাচারী মানসিকতাই প্রকাশিত হয়েছে। এই ধরনের অন্যায় ও অগণতান্ত্রিক আচরণের পরিণতি কখনো শুভ হয় না।

সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এজন্য জনগণ আজ তাদের প্রতি ক্ষুব্ধ। তাদের ব্যর্থতার কারণে জনগন যখন পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে।  তখন সরকার জনগণের আস্থা অর্জনের পরিবর্তে এভাবে বিরোধী দলের অফিসে তল্লাশি চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বিরোধী দল ও জনগণকে দমন করার চেষ্টা করছে। যা সম্পূর্ণ অন্যায়, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।

তাই অন্যায় ও অগণতান্ত্রিক পথ পরিহার করে লেবার পার্টিসহ বিরোধী রাজনৈতিক দল সমুহের অফিসে তল্লাশি চালানো থেকে বিরত থাকা এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’’

এসএম