স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী দেশে ফিরলেই গ্রেফতার করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হবে কি না জানতে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আদালত থেকে যে নির্দেশনা এসেছে তা বাস্তবায়ন করা হবে।
কী নির্দেশনা বাস্তবায়ন তা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আপনারা তো জানেন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আমরা সেই মোতাবেক ব্যবস্থা নেবো।
হজ নিয়ে মন্তব্যের পর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে কয়েকটি মামলায় সমন জারি ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর প্রবাসে এক অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্য করার পর থেকে রাজনৈতিক অঙ্গনে লতিফ সিদ্দিকীকে নিয়ে দেশ ও দেশের বাইরে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এমন পরিস্থিতিতে টাঙ্গাইল-৪ আসন থেকে নির্বাচিত চার বারের এই সংসদ সদস্যকে গত ১২ অক্টোবর মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। বাদ পড়েন নিজ দল আওয়ামী লীগ থেকেও। মন্তব্যকালীন সময় থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
সম্মিলিত ইসলামী দলসমুহের ব্যানারে লতিফ সিদ্দিকীর গ্রেফতারের দাবিতে সম্প্রতি সকাল সন্ধ্যা হরতালও পালন করা হয়েছে।
এসএই্চ





