বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার মিছিলে নেতৃত্ব দেন। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার, সিনিয়র সহসভাপতি তানভীর রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহসভাপতি আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

মিছিলের বিষয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী বলেন, ‘সরকার একদলীয় শাসন কায়েম করার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা পরোয়ানা জারি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই পরোয়ানা বাতিল করার আহ্বান জানাচ্ছি। তা না হলে গণআন্দোলন করে এই সরকারের পতন ঘটানো হবে।’

এমএনজে