বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহা. শফিকুল ইসলাম মাসুদকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন ।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ড. মুহা. শফিকুল ইসলাম মাসুদের সুস্বাস্থ্য, আরোগ্য ও আশু মুক্তি কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন।
সেলিম উদ্দিন আরো বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জুলুম ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। তারা বিরোধী দলীয় জনপ্রিয় ও মেধাবী রাজনীতিকদের নামে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে কথিত রিমান্ডের নামে নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে। সরকারের বিরাজনীতিকরণের ধারাবাহিকতায় বাংলাদেশ জমায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহা. শফিকুল ইসলাম মাসুদকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে, নির্যাতন চালিয়ে মামলার পর মামলা দিয়ে দীর্ঘদিন করারুদ্ধ করে রেখেছে। যা সরকারের ফ্যাসীবাদী ও বাকশালী মানসিকতার পরিচয় বহন করে।
তিনি বলেন, সরকার ড. মাসুদের উপর নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালিয়েই ক্ষান্ত হয়নি বরং মহামান্য আদালত কর্তৃক সকল মামলায় জামিন লাভ এবং মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক গ্রেফতার না করার নির্দেশনা থাকা সত্তেও সরকার আদালতের আদেশকে অগ্রাহ্য করে তাকে জেল গেইট থেকে আবারও গ্রেফতার করে গুম করার ষড়যন্ত্র করেছিলো। কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেছেন। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় কারারুদ্ধ আছেন। তিনি ড. মাসুদকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আবারো অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুসা, সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম ও সহকারী সেক্রেটারী জনাব মাহফুজুর রহমান প্রমুখ।
বিজ্ঞপ্তি





