বিগত কয়েক বছর ঘটা করে জন্মদিন পালন করলেও এবার ১৫ আগস্টের প্রথম প্রহরে একান্ত পারিবারিকভাবে জন্মদিনের কেক কাটলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার রাত ১২টার কিছুক্ষণ পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় বেগম জিয়ার দুই ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে ৭০তম জন্মদিনের কেক কাটেন বেগম জিয়া। পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্রটি জানায়, রাত ১২টার একটু আগে খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাঈদ ছোট একটি কেক নিয়ে বাসভবনে আসেন। এরপর অপর ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের অন্য সদস্যরাও সেখানে আসেন। এরপরই কেট কাটা হয়।
বিএনপির আরেকটি সূত্র জানায়, লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের নাতি (তারেক রহমানের বড় মেয়ে) জাইমা রহমান দাদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীকে বিএনপি প্রধানের জন্মদিন পালন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। এবার ১৫ আগস্টকে সামনে রেখে সমালোচনাটা বেশ জোরাল ছিল।
তবে শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করবে ছাত্রদল ও মহিলা দল।
এআর





