ঈদুলফিতরের পর বিএনপির আন্দোলনের বিষয়ে এমন কোনো ইস্যু নেই যে বিএনপি আন্দোলন করবে বলে মন্তব্য করে বলেছেন নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ করেনি সেই বিষয়টা এখন বুঝতে পারছে। সেটি তাদের ভুল সিদ্ধান্ত ছিল, তাই এখন কি করবে সেটা বুঝতে পারছে না। বিগত আন্দোলনে তাদের কর্মীরাও রাজপথে নামেনি। মুখে বললেই তো আর আন্দোলন হবে না। মানুষ যখন আন্দোলনের প্রয়োজন মনে করে তখনই আন্দোলন হয়, কারো কথায় আন্দোলন হয় না।

ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এসে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন- বর্তমান সরকার সবার কাজের সুযোগ সৃষ্টি করেছে। সবার মধ্যে উন্নয়নের ধারাবাহিকতা তৈরি হয়েছে। এই ধারাবাহিকতা কেউ বাধাগ্রস্ত করতে চান না। আমরা আশা করব বিএনপি অহেতুক নিজের ভুলের মাশুল জনগণের ওপর চাপিয়ে দেবে না। বাস্তবতা মেনে নিয়ে নিজেদের ভুল শুধরে কাজ করুন। ভবিষ্যতের জন্য অপেক্ষা করুন। সাংবিধানিকভাবে যখন নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য অপেক্ষা করুন।

তিনি আরো বলেন, গতবছরও বিএনপি আন্দোলনের কথা বলেছিল, আন্দোলন করেছিল। তবে তা জনগণের আন্দোলন ছিল না। ঐ আন্দোলনে মানুষ খুন হয়েছে। পরীক্ষা, লেখাপড়া, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি সব ধ্বংস করা হয়েছে। সাধারণ মানুষ আন্দোলনে নামেনি, মানুষ তার জীবনের উন্নয়নের যে সুযোগ পেয়েছে তা কাজে লাগাতে চায়।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, যাতে অর্থনীতি ও শিক্ষার অগ্রগতি ব্যাহত হয়। নৈরাজ্য সৃষ্টির নামে আন্দোলন করলে ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হবে, জনগণ তা মেনে নেবে না।

ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ