লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম সংবাদমাধ্যমে দেয়া বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে এটিএম মা’ছুম বলেন, ‘গত ৯ এপ্রিল কুমিল্লার চান্দিনায় একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আক্রমণ করে। এ সময় তিনি আত্মরক্ষার্থে সংশ্লিষ্ট থানায় আশ্রয় নেন। থানা পুলিশ আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ড. রেদোয়ান আহমেদকে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠান। আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে একটি দলীয় প্রোগ্রামে অংশগ্রহণের সময় এভাবে গ্রেফতার ও নাযেহাল করার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এটি কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে তিনি বলেন, ‘অবিলম্বে ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রেস বিজ্ঞপ্তি
এমআর





