নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধানমন্ত্রী পাসের হার বাড়ানোর জন্য শিক্ষকদের উৎসাহিত বা চাপ প্রয়োগ করছেন। অন্যদিকে পাশের হার ও জিপিএ প্রাপ্তির সংখ্যা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের যোগ্যতার বিষয়ে বাগাড়ম্বর করছেন। এভাবে শিক্ষার দুর্নীতিগুলো সরকারের উন্নয়নের নামে দাঁত বের করে হাসছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি : করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।
মাহমুদুর রহমান মান্না আরো বলেন, প্রধানমন্ত্রী নিউইয়র্কে গিয়ে বলেছেন দেশে যদি এতই দুর্নীতি হয় তবে এত উন্নয়ন হচ্ছে কেমন করে? মজার কথা পাকিস্তানের লৌহমানব আইয়ুব খান এবং বাংলাদেশের দীর্ঘতম সময়ের স্বৈরশাসক এরশাদও একই রকম উন্নয়নের কথা বলতেন।
তবুও তাদের আমলে কিছু উন্নয়ন দৃশ্যমান ছিল। কিন্তু এই সরকারের আমলে উন্নয়ন তো নেই বরং দুর্নীতি উন্নয়নের নামে দাঁত বের করে হাসছে।
এতে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক ড. আসিফি নজরুল, অধ্যাপক সি আর আবরার, সাংবাদিক গোলাম মোর্তাজা, খায়রুল আলম বকুল প্রমুখ।
এসএইচ





