বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড.শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকান্ড বিশ্ব ইতিহাসের নির্মম, নিষ্ঠুর ও পৈশাচিক ঘটনা।

ষড়যন্ত্রকারীরা দেশে সাংবিধানিক ও আইনের শাসনের পরিবর্তে দেশকে ফ্যাসীবাদী রাষ্ট্রে পরিণত করার জন্যই লগি-বৈঠা দিয়ে রাজধানীসহ সারাদেশে নারকীয় তান্ডব চালায়। ঢাকার রাজপথে সাপের মত পিটিয়ে মানুষ হত্যা করে দানবীয় উল্লাসে মেতে ওঠে।

ইতিহাস সাক্ষ্য দেয় মানুষ হত্যা করে কোন আদর্শকে নির্মূল করা সম্ভব হয়নি তেমনি জামায়াতে ইসলামী ও ইসলামী আদর্শকেও নির্মূল করা সম্ভব নয়। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না বরং শাহাদাতের পথ ধরেই এদেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা দক্ষিণ থানার উদ্যোগে আজ অসহায় ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও ডেমরা দক্ষিণ থানা আমীর এন এইচ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন বাংলাদশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, জামায়াত নেতা মোহাম্মদ হেলাল, আলী জাফর প্রমূখ নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইতিহাসের নির্মম, নিষ্ঠুর ও পৈশাচিক ঘটনার দীর্ঘ এক যুগেরও বেশী সময় পার হলেও এখনো অপরাধীদের বিচারের আওতায় আনা হয়নি বরং ক্ষমতার দাপটে সরকার মামলা প্রত্যাহার করে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। যা সংবিধান, আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থি।

মানবিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ঘাতকদের বিচারের কোন বিকল্প নেই। তিনি অবিলম্বে ২৮ অক্টোবরের খুনীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আওয়ামী লীগকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি আরোও বলেন, সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই গোটা দেশেই ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ভিন্নমত ও বিরোধী দলকে নির্দয়ভাবে দমন করা হচ্ছে। তারা বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখতে সারাদেশে হাজার হাজার গায়েবী মামলা দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে ময়দান ছাড়া করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

মূলত রাষ্ট্রীয় সন্ত্রাস ও জুলুম-নির্যাতনে দেশের জনগণ অতিষ্ঠ। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই ফ্যাসীবাদী ও জুলুমবাজ সরকারের পতনের কোনো বিকল্প নেই। তিনি সরকারের জুলুম-নির্যাতন মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি ২৮ অক্টোবরের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন, আহত-পঙ্গুত্ববরণকারী ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং শহীদদের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এসময় স্থানীয় এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা সহ বেশকিছু প্রতিষ্ঠানের গরিব, দুস্থ ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এমআর