বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ক্ষমতাসীন মহাজোট সরকারের উদ্দেশে বলেছেন, হিসেব-নিকেষ করে রাখুন। হামলা, মামলা, খুন ও গুমের ক্ষতিপূরণ দিতে হবে।
শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে উত্তর জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনকালীন রূপরেখা বাদ দিয়ে নির্বাচনে যাবে না বিএনপি।আওয়ামী লীগের ছল-চাতুরির নির্বাচন প্রতিরোধ করতে হবে।
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, সামনে আন্দোলন আসছে। সেই আন্দোলন থেকে কেউ পিছু হটবেন না। আওয়ামী লীগকে পিছু হটাতে হবে।
বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি এম মেজবাহউদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মির্জা আব্বাস আরও বলেন, হত্যা, খুন ও গুমের কাছে গণতন্ত্র বন্দি। দেশে কোনো আইনের শাসন নেই। মানুষের কোনো অধিকার নেই।
কর্মী সভায় আরো বক্তব্যে রাখেন বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলার সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।
এমই





