শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ডিজিটাল বাংলার উদ্ভাবক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমাদের দেশের ছেলেমেয়েরা এখন বিশ্বের যে কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতামূলক লেখাপড়ার সুযোগ পাচ্ছে।
মঙ্গলবার বিকালে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শিল্পমন্ত্রী আরও বলেন, যারা ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে ষড়যন্ত্র করেছিলেন, তারাও আজ এর সুফল ভোগ করছেন। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে। ইন্টারনেটের দাম কমিয়েছে, যার ফলে ব্যবহারকারীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঝালকাঠির সহকারী পুলিশ সুপার মাহামুদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী মিয়া প্রমুখ।
কেএইচ





