জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিটি গঠন করে অবিলম্বে অভিজিৎ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন ও দোষীদের শনাক্ত করে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

২মার্চ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ইতিমধ্যেই আমরা অভিজিতের নির্মম হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আমরা এ ধরনের কর্মকাণ্ড কখনোই সমর্থন করি না, এসব কর্মকাণ্ডকে আমরা তীব্রভাবে ঘৃণা করি। আমরা এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবী করেছি।

তিনি বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দিকে না গিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। একটি বিশেষ মহল সরকারের এই ষড়যন্ত্রে তাল মিলিয়ে ইন্ধন দিচ্ছে এবং কেউ কেউ রাজনৈতিক বিদ্বেষ প্রসূতভাবে জামায়াতকে ঘায়েল করার উদ্দেশ্যে অসত্য, কুৎসিত বক্তব্য দিয়ে চলেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, সরকারের রহস্যজনক ভূমিকায় জনগণের মাঝে প্রশ্নের সৃষ্টি হয়েছে, নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এলাকায়, পাশে অবস্থানরত পুলিশ ও শত শত মানুষের সামনে ২ জন দুর্বৃত্ত নিরাপদে নিঃসংকোচে এ নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করে কিভাবে পালিয়ে যেতে সক্ষম হলো? তার জবাব সরকারকেই দিতে হবে।

এমকে