বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেছেন, দেশ বাঁচাতে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।
তিনি বলেন, ভারত আন্তর্জাতিক বিধিবিধান লংঘন করে একতরফা পানি প্রত্যাহার করতে অভিন্ন নদীগুলোর উজানে বাঁধ দিয়ে একের পর এক বাংলাদেশের স্বার্থবিরোধী পদক্ষেপ নিয়েছে।
একতরফাভাবে আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহার বন্ধ এবং তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল’র (বাসদ) ঢাকা থেকে তিস্তা অভিমুখে ‘তিস্তা মার্চের’ দ্বিতীয় দিনে আজ সকালে সিরাজগঞ্জের স্বাধীনতা স্কয়ারের জনসভায়ায় তিনি এ কথা বলেন।
সিপিবি’র সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ জনসভায় আরো বক্তব্য রাখেন বাসদ’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদ’র কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ’র সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক নবকুমার কর্মকর প্রমুখ।
খালেকুজ্জামান বলেন, ’৭১-এ আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। এবার স্বাধীন দেশকে বাঁচাতে আবার মাঠে নেমেছি। ভারত তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীতে বাঁধ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
জাফর আহমেদ বলেন, পানির হিস্যা আদায় করতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে কথা বলতে হবে।
পরে সিরাজগঞ্জ বাজার স্টেশন, সিরাজগঞ্জ রোড, ঘুরকা বেলতলায় পথসমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিকালে বগুড়ায় সাতমাথায় জনসভা শেষে রাতে তাদের রংপুর পৌঁছার কথা। আগামীকাল এখান থেকে ‘তিস্তা মার্চ’ তিস্তা অভিমুখে যাত্রা করবে।
ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর