জাতীয় পার্টি সংসদে দ্বিতীয় অবস্থানে আছে, তবে বাইরে এ অবস্থানের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

অনলাইন সংবাদপত্র দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে, জাতীয় পার্টিতে প্রাণ সঞ্চার হয়েছে। আমরা চাচ্ছি জাতীয় পার্টি আগামী নির্বাচনে নাম্বার টু পার্টি হিসেবে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগের উপরে ভোট পেয়ে আমরা সরকার গঠন করব। এখন সংসদে দুই নম্বরে আছি, তবে বাইরে কি জানি না।’

বিএনপির অংশগ্রহণবিহীন গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগের সঙ্গে জোট বাধা জাতীয় পার্টি। পরে সরকার গঠন করা হলে সংসদে জাতীয় পার্টির অবস্থান হয় বিরোধী দলে। একই সঙ্গে জাতীয় পার্টির এক সংসদ সদস্যকে মন্ত্রী ও দুই সংসদ সদস্যকে প্রতিমন্ত্রীও করা হয়।

এরশাদ বলেন, ঢাকায় যেদিকে তাকাই আমার ছোঁয়া। ঢাকা শহরের অনেক রাস্তা আমার সময়ে হয়েছে। আইন করে সরকারি কাজে রাষ্ট্রভাষা বাংলার ব্যবহার নিশ্চিত করেছি। মুজিবনগরে স্মৃতিসৌধ করেছি। সেখানে আমার একটা কবিতা ছিল পরবর্তী সময়ে বিএনপি সরকার এসে তা সরিয়ে ফেলেছে। এটা প্রতিহিংসার রাজনীতি। আমাদের এই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রে পরমতসহিষ্ণু হতে হবে। অথচ আমরা তা হারিয়ে ফেলেছি।

এরশাদ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশ সত্যিকারভাবে ডিজিটালাইজড হচ্ছে। আমাদের প্রবৃদ্ধি ভারত থেকে বেশী।

এএইচ