কে, কেমন পানি পান করেন—তা নিয়ে জাতীয় সংসদে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
এ সময় দেশে ভেজাল খাবার, দূষিত পানি ও ফরমালিনের অপব্যবহার সম্পর্কে দীর্ঘ বক্তব্য রেখে প্রধানমন্ত্রীর কাছে রওশন প্রশ্ন রাখেন, ‘মানুষ সুস্থ না থাকলে ডিজিটাল বাংলাদেশ গড়বেন কীভাবে?’ তিনি এ সময় সংসদকে জানান, খাদ্যে ভেজাল ও বিষক্রিয়ায় বছরে ৪৫ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে।
শনিবার প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় তাঁদের এ বক্তব্য নিয়ে অধিবেশনকক্ষে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকে এ নিয়ে করতালিও দেন।
বাজেট আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে রওশন এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী ভালো পানি খাচ্ছেন। বুঝতে পারছেন না। অন্যদের জিজ্ঞাসা করেন, মন্ত্রীদের জিজ্ঞাসা করেন দূষিত পানির কী অবস্থা?’
বিরোধীদলীয় নেতার বক্তব্য শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতার একপর্যায়ে বলেন, ‘বিরোধী নেত্রী বলেছেন আমি ভালো পানি খাই। কিন্তু আমি তো দেশি পানি খাই। কিন্তু উনার (বিরোধী নেত্রী) টেবিলে বিদেশি পানির বোতল। উনি বিদেশি পানি খান।’
এ সময় অধিবেশন কক্ষে হাসির হুল্লোড় পড়ে যায়। রওশন এরশাদ বিব্রত হন। অধিবেশনকক্ষে তাঁর টেবিলে এ সময় বিদেশি পানির একটি বোতল ছিল।
ঢাকা, ২৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





