জাতিসংঘের মহাসচিব বান কি মুন সংলাপের যে তাগিদ দিয়েছেন তাতে সাড়া দিয়ে সরকারকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে.(অব.) মাহবুবুর রহমান।

শুক্রবার সকালে শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিনের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, বান কি মুনের সংলাপের আহবানে সরকারের ইতিবাচক সাড়া দেয়া উচিৎ। সংলাপে সাড়া না দিলে সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাবে।  

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। সত্যিকার গণতন্ত্রের কবর রচিত হয়েছে ৫ জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে। রাজনীতির সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে কিন্তু অস্ত যায়নি। আলোচনার মাধ্যমে এখনও সমস্যার সমাধান সম্ভব।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে জাতি সংঘের মহাসচিব উদ্ধিগ্ন। তিনি বাংলাদেশের সংকট উত্তরনে নিজে এসেছেন, এবং প্রতিনিধি দল পাঠিয়েছেন। এখন ও সংলাপের আহবান জানিয়েছেন। তিনি চান দল গুলোর মধ্যে আলোচনা করে সংকট সমাধন হোক।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাসাস সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক মনির খান।

ঢাকা, এমএইচ, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম. এআর