বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বাসায় তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব এ নিন্দা জানান। সকালে রাজধানীর শান্তিনগরে সোহেলের বাসায় পুলিষ তল্লাশি চালায় বলে জানায় দলটি।

বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশে আমরা এখন এক ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছি। বর্তমান অবৈধ সরকারের আমলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতিতে কোনো নাগরিকেরই স্বাধীনভাবে চলাফেরা, বাক-ব্যক্তিস্বাধীনতা কিংবা জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হয়, দেশটা এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশি বিভিন্ন কর্মকাণ্ডে সেটির বহিঃপ্রকাশ অত্যন্ত স্পষ্ট।’

মির্জা ফখরুল বলেন, ‘আজ সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাবিব উন নবী খান সোহেলের বাসায় তল্লাশির নামে সন্ত্রাসী কর্মযজ্ঞ চালায়, যা বর্তমান শাসকগোষ্ঠীর হিংসাশ্রয়ী চরিত্রেরই ধারাবাহিকতা।’

মির্জা ফখরুল আরো বলেন, বিরোধীদলীয় নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হেনস্তা, ভীত-সন্ত্রস্ত এবং বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার অপকৌশল হিসেবেই সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এ ধরনের হীন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি জোর দিয়ে বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে অতীতে যেমন কোনো স্বৈরশাসকই তাদের রাষ্ট্রক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও তাদের মনস্কামনা পূরণ করতে পারবে না। সরকারের অনৈতিক, অমানবিক ও নিষ্ঠুর সব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণের সম্মিলিত শক্তিতে এই নির্যাতন ও শাসনের অবসান ঘটবেই।’

এমবি