“ব্যারিস্টার মইনুল হোসেনকে কেন কারাগারে নেয়া হলো?”

আইনমন্ত্রী আনিসুল হককের প্রতি এই প্রশ্ন রেখেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন, “আপনার (আইনমন্ত্রী) কাছ থেকে মানুষ এসব আশা করে না। আপনি সংবিধান পড়ুন, আইনের বই পড়ুন।”  

আজ (২৫ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল এইকথা বলেন। সেইসঙ্গে তিনি অবিলম্বে মইনুল হোসেনের মুক্তি দাবি করেছেন।  

ড. কামাল হোসেন বলেন, মানহানির মামলায় জামিন নেয়ার পরও ব্যারিস্টার মইনুল হোসেনকে সরকারের ইন্ধনে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিতে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক প্রমুখ বক্তব্য রাখেন। 

আইনমন্ত্রী আনিসুল হককে উদ্দেশ্য করে ড. কামাল বলেন, “আপনি (আইনমন্ত্রী) একজন আইনজীবী। আপনার বাবা মরহুম সিরাজুল ইসলাম একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। আপনার কাছ থেকে মানুষ এসব আশা করে না। আপনি সংবিধান পড়ুন, আইনের বই পড়ুন।”  

ড. কামাল আরও বলেন, “আপনি ভাল করে জানেন, মানহানির মামলা জামিনযোগ্য অপরাধ। তারপরও ব্যারিস্টার মইনুল হোসেনকে কেন কারাগারে নেয়া হলো?”

জাতীয় ঐক্যফ্রন্টের দেয়া ৭ দফা দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল বলেন, “দেশে আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। এই সরকারের বিরুদ্ধে আজ সকল মানুষ ঐক্যবদ্ধ।”

সিলেট থেকে শুরু হওয়া আন্দোলন সফল হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে বলেও জানান ড. কামাল।  

এমবি