সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, একটি জাতির বৈশিষ্ট্য সংস্কৃতির মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আর এ সংস্কৃতির ধারণ, লালন ও বিকাশে মূল দায়িত্ব পালন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এটি সরকারের একটি গুরত্বপূর্ণ ও দায়িত্বশীল মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে আমরা সূর্যমুখী সংগঠন আয়োজিত নির্বাচনোত্তর আনন্দ আয়োজন জনপ্রিয় সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারি ও রুখসানা মুমতাজের গানের সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক মোহাম্মদ আবদুল হান্নান খান -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট নাট্য অভিনেতা, পরিচালক ও শিক্ষক ড. ইনামুল হক এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী, লেখক ও উপস্থাপক ফাতেমা-তুজ-জোহরা।
অনুষ্ঠানের মোহাম্মদ আবদুল হান্নান খান উপজেলা পর্যায়ে সরকারি গণগ্রন্থাগার স্থাপনের দাবি জানান। উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের নামে এসব গণগ্রন্থাগার স্থাপন করা হলে এ কাজে প্রয়োজনীয় জমি পাওয়া সহজ হবে বলে তিনি পরামর্শ প্রদান করেন।
স্বাগত বক্তব্য রাখেন আমরা সূর্যমুখী‘র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম।
এম বিল্লাহ/এমবি





