বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জীবন দিতে প্রস্তুত আছি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে দলটির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জীবন দিতে প্রস্তুত আছি। জীবন দিয়ে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।
আজ (২৬ জানুয়ারি) রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলের আলীকো গেট ও সোনালী ব্যাংকের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে ১৭তম দিনের প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, শুধু ঢাকা নয় পুরো দেশে আজ গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই জোয়ার ধানের শীষের জোয়ার। আগামী পহেলা ফেব্রুয়ারি জনগণ অবশ্যই ভোটকেন্দ্রে যাবেন। আমরা যে গণতন্ত্র এবং নিজেদের অধিকার রক্ষার আন্দোলনে আছি, সেই অধিকার রক্ষার আন্দোলনের জন্য প্রথমেই ধানের শীষে ভোট দিবো। এরপর বাংলাদেশের পথপ্রদর্শক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করবো। প্রয়োজনে রক্ত দেবো, জীবন দেব, তবুও বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমি আজকে যেখানে (মতিঝিল) প্রচারণা চালাতে এসেছি এই এলাকায় আমার জন্ম ও বেড়ে ওঠা। এটা দেশের বাণিজ্যিক এলাকা। শুধু এই এলাকা নয়, সরকার সারাদেশটাকে তিলে তিলে ধ্বংস করেছে গত ১৩ বছর ধরে। দেশের অর্থনৈতিক খাতকে ধ্বংস করেছে। এখানে রয়েছে শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটে মানুষ সর্বহারা হয়ে দিনের পর দিন আন্দোলন করছে এবং আত্মহত্যার মত ঘটনাও ঘটেছে। আমাদের সামনে রয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে সোনা চুরি হয়ে গেছে। একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে সোনা চুরি হয়ে যায়, কত বড় চোর, ডাকাত হলে এটা সম্ভব।
বিএনপির মেয়রপ্রার্থী বলেন, আজকে সরকারি ব্যাংকগুলোর অর্থ সরকারি দলের উচ্চপদস্থ লোকদের সহায়তায় লুট করা হয়েছে। এই শাপলা চত্বরে আলেমদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। মানুষ আর কত স্তব্ধ হয়ে থাকবে? মানুষ জেগে উঠেছে। এ সরকারের সময় ঘনিয়ে এসেছে। দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা কোন তাবেদারি মানবো না, কারো কোন জমিদারি মানবো না। কারো দখলদারিত্ব মানবো না, এই দেশটা কোনো পরিবারের নয়। এটার মালিক জনগণ। এই দেশ জনগণেরই।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইশরাক যেই বক্তব্য দিল, আমি বিশ্বাস করি ঢাকা মহানগরীতে এমন কোন প্রার্থী দাঁড়ায়নি যে তার সামনে এসে কথা বলতে পারবে। এটা আমার গর্ব না, এটা আমার অহংকার না, এটা হচ্ছে বাস্তবতা। এই মতিঝিলে দাড়িয়ে বাইরে থেকে কেউ এসে তেমন ভাবে চেনাতে পারবে না। সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন যদি মেয়র হয় তাহলে ঢাকা শহরে নয়নের মণি হয়ে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, ইশরাক হোসেন তার বক্তব্যের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বলে আমি বিশ্বাস করি। ইশরাকের বাবা সাদেক হোসেন খোকা এবং আমি মির্জা আব্বাস ঢাকা শহরের সাবেক মেয়র ছিলাম। আমি বিশ্বাস করি ইশরাক হোসেন তার বাবা এবং চাচার সেই অভিজ্ঞতা ও সাহস কাজে লাগিয়ে আপনাদের পাশে থাকবে এটা আমি বিশ্বাস করি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের জনগণ পরিবর্তন চায়। তারা এই অত্যাচারী গণতন্ত্র হত্যাকারী নিপীড়নকারী ভোট চোর এবং ব্যাংক লুট শেয়ারবাজার লুটকারী সরকারকে আরও শক্তিশালী করতে চায় না।
তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ জনগণ কেবল ভোটই দেবে না, ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেবে ইনশাআল্লাহ। যাতে করে কোন ভোট চোর, কোন ভোট ডাকাত জনগণের ভোট নষ্ট করতে না পারে। দোয়া করি আল্লাহ যেন ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির জনগণের সেবা করার সুযোগ দান করেন।
এসময় গণসংযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ আরো উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিক নেতা আবুল খায়ের খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মো: রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কাজী আমির খসরু, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাদল প্রমুখ।
এমবি





