স্বৈরাচারী সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জোর করে ক্ষমতায় থাকার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে হত্যা করেছে এবং আইনের শাসনকে নির্বাসনে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার অন্যায়ভাবে ক্ষমতা কুক্ষিগত করার জন্য জাতির ঘাড়ে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে দেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে দেশকে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে।
সরকারের প্রতিহিংসাপরায়ণ সহিংস রাজনীতির শিকার হয়ে ২০ দলীয় জোটের নিরপরাধ নেতা-কর্মীগণ প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে। ক্রমেই সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা বাড়ছে।
গত ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের সময় রির্টানিং অফিসারের কার্যালয় থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমানকে পুলিশ আটক করেছে। অথচ জনাব সাইদুর রহমান দাবী করেছেন যে, তার বিরুদ্ধে কোন মামলা নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের বাড়াবাড়ির আমি তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের জুলুম ও হয়রানী বন্ধ করার আহ্বান জানাচ্ছি।
সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে ২০ দলীয় জোটের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এসএইচ





