সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ-গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
বুধবার দেশব্যাপী পূর্বনির্ধারিত এ কর্মসূচি পালন করে দলটি।
রাজধানী:
বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। সকালে মিরপুরে একটি মিছিল বরে করেন জামায়াতের নেতাকর্মীরা।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন বলেন, দেশে চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিন গড়ে দুইজন নারী ধর্ষণ বা গণধর্ষণের শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে, বাসের ভেতর-অটোরিকশার ভেতর গণধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। এসব অপকর্মের সাথে সরকারি দলের ক্যাডাররা সরাসরি জড়িত থাকায় তাদের বিচার হচ্ছে না।
মোবারক হোসাইন বলেন, সারাদেশে প্রতিনিয়ত এমন নির্মম পৈশাচিক ঘটনা ঘটলেও সরকার নির্বিকার। খুনীদের বিচার না হওয়ায় দেশে প্রতিদিন এসব পৈশাচিক ঘটনা বেড়েই চলেছে।
দেশের মানুষের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন এই জামায়াত নেতা। এ সময় আরো উপস্থিত ছিলেন লস্কর মো: তসলীম ও আবদুল সালাম।
এছাড়া ঢাকা মহানগর জামায়াতের মতিঝিল শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বুধবার বিক্ষোভ মিছিলটি মৌচাক মোড় থেকে শুরু হয়ে মালিবাগ রেল গেটে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন বলেন, সরকারের উপর্যুপরি ব্যর্থতা ও সঙ্কীর্ণ দলীয় মনোবৃত্তির কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সরকারি দলের সন্ত্রাসীরা গোটা দেশকেই অপরাধের লীলাভূমিতে পরিণতি করেছে।
তিনি আরও বলেন, আশঙ্কাজনকভাবে বেড়েছে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা। মাতৃগর্ভেও শিশুরা নিরাপদ নয়। এমতাবস্থায় কোনো বিবেকবান ও সচেতন মানুষ উদাসীন ও নির্লিপ্ত থাকতে পারে না।
সরকারের সীমাহীন ব্যর্থতা, জুলুম-নির্যাতন ও দেশ-জাতিস্বত্ত্বা বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হেলাল উদ্দীন।
এই সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন, শিবিরের মহানগরী পূর্বের সেক্রেটারি শরীফ হোসেন, সোহেল রানা মিঠু, আশরাফ উদ্দীন, মতিঝিল থানা জামায়াতের সেক্রেটারি মুতাসিম বিল্লাহ ও শাহজাহানপুর সেক্রেটারি সাইদুর রহমান।
গাজীপুর:
বুধবার গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মিছিলটি বের হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে হোসেন আলী বলেন, বেশ কিছুদিন থেকে সারাদেশে ধর্ষণ-গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে।

তিনি আরও বলেন, এসব পৈচাশিক নির্যাতনের ঘটনায় থানায় সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা হচ্ছে।
স্থানীয় লোকেরা এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে। এতোদসত্ত্বেও সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততার কারণে দুর্বৃত্তরা সাথে সাথে গ্রেফতার হচ্ছে না এবং শাস্তিও পাচ্ছে না।
হোসেন আলী বলেন, কর্মজীবী নারী, স্কুল-কলেজের ছাত্রীরাও ধর্ষিতা হচ্ছে। শিশুদেরকে অপহরণ, ধর্ষণ ও খুন করা হচ্ছে। সরকারের প্রতি আমাদের দাবি, এসব অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, অন্যথায় জনগণ এর কড়া জবাব দেবে।
সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শিবির সেক্রেটারি আহমদ ইমতিয়াজ, শ্রমিক কল্যাণ সভাপতি আজহারুল ইসলাম, জামায়াতের জয়দেবপুর থানা উত্তরের আমির আশরাফ আলী কাজল, ছাত্রশিবির গাজীপুর মহানগরীর অর্থ সম্পাদক মিজানুর রহমান আরিফ, শিক্ষা সম্পাদক সাইফুল ইসলাম, মানবউন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম।
ময়মনসিংহ:
বুধবার দুপুর ১ টার দিকে ময়মনসিংহ শহর জামায়াতের আমীর কামরুল আহসান ইমরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের চরপাড়া মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধোপাখলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আল হেলাল তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেএইচ





