স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, পারমিশন (অনুমতি) নিয়ে মিছিল মিটিং হয় না, আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে সাহস লাগে। জনগণকে সাথে নিয়ে সাহস করে মাঠে নেমে মিছিল মিটিং করুন। আমরা মার খেয়ে আন্দোলন করেছি।

শনিবার বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। জনগণকে ভয় পান কেন। আমেরিকায় হিলারির পক্ষে ওবামা সরকারে থেকেও প্রচারণা চালিয়েছে। কিন্তু পাস করেছে ট্রাম্প। জনগণ তাকে ভোট দিয়েছে। নারায়ণগঞ্জে নৌকা-ধানের শীষের নির্বাচন হচ্ছে। সেখানে সুষ্ঠু নির্বাচন হবে। যে ফল হবে আমরা তা মেনে নেব। আপনারা আন্দোলন করেন, তবে আন্দোলন করে কোনো লাভ হবেনা। ২০১৯ সালে ফাইনাল খেলা হবে। আসেন সে সময় ব্রাজিল-আর্জেন্টিনার খেলা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. মহসিন-উজ জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, কুমেকের উপাধ্যক্ষ অধ্যাপক কাজী আবদুল মান্নান।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মেডিক্যালে ভর্তির বিষয়ে বলেন, মেডিক্যাল কলেজ কোনো চাইনিজ রেস্টুরেন্ট নয়। ভর্তির বিষয়ে কোনো আপস নয়।

এমই