জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে হাইকোর্টে একটি সম্পুরক আবেদন করা হয়েছে।
খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করেন।
তার আগে গত ১ মে রোববার হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারক পরিবর্তন চেয়ে আরো একটি আবেদন করেন এই আইনজীবী। আজ সেই আবেদনের সঙ্গে আরো একিট আবেদন জমা দেয়া হয় আদালতে।
এ বিষয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, গত ১৫ জানুয়ারি বিচারক আবু আহমেদ জমাদ্দারকে পরিবর্তনের আবেদন করা হয় হাইকোর্টে। ওই আবেদনটি শুনানির জন্য পেন্ডিং রয়েছে। তার সঙ্গে আজ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিন্ম আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে একটি সম্পুরক আবেদন করেছি। তার একটি কপি হলফনামা আকারে সরকারের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেলের কাযালয়ে পাঠানো হয়েছে। যা শুনানির জন্য উপস্থাপন করা হয়েছিল ১মে (রোববার)।
হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মো: খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য আবেদন করেন খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বর্তমানে খালেদার বিরুদ্ধে দায়ের করা এ দুই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে বকশিবাজারে বিশেষ জজ আদালতে। এ মামলার শুনানিতে খালেদা হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
কেএইচ





