সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনা ও রকিব মার্কা নির্বাচন এরইমধ্যে আমরা প্রত্যাখ্যান করেছি। কারন জনগণ দেখেছে তাদের অধীনে দেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগণ সঠিকভাবে তাদের ভোট প্রধান করতে পারলে বিএনপিকে ক্ষমতায় বসাবে।কিন্তু সেই সুযোগ দেয়া হচ্ছে না।
পৌর নির্বাচন বিষয়ে খালেদা জিয়া বলেন, এর আগে সিটি নির্বাচনে ঢাকা-চট্টগ্রাম বাদে সব জায়গায় বিএনপি জনগনের বিপুল ভোটে জয়লাভ করে।কিন্তু পৌর নির্বাচনে তারা প্রায় সবগুলো জোর করে নিয়ে নিয়েছে।ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ভয় দেখিয়ে আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের পক্ষে কাজ করিয়েছে।
তিনি বলেন, এর মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে দেশে হাসিনা ও রকিব উদ্দিনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।তাই বলে কি দেশে সুষ্ঠু নির্বাচন হবে না? অবশ্যই হবে। এত মানুষের রক্ত বৃথা যেতে পারে না।
তিনি বলেন, প্রশাসনের লোকজনদের ভয় দেখানো হচ্ছে যে, বিএনপি ক্ষমতায় আসলে তাদের চাকরিচ্যুত করা হবে। কিন্তু আমি অভয় দিয়ে বলছি-আমরা ক্ষমতায় আসলে কাউকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হবে না। যোগ্যদের অতীতের মত মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, দেশে বিদেশী বিনিয়োগ আসছে না। কারন আওয়ামী লীগের লোকজনের চাদাবাজির কারনে দেশি-বিদেশি বিনিয়োগ হচ্ছে না। কর্মসংস্থান হচ্ছে না। কিন্তু আমরা ক্ষমতায় আসলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হবে।
তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদলের সব পর্যায়ের কমিটি খুব শিগগিরই ঘোষণা করা হবে। ছাত্রদলে নিয়মিত কমিটি না হওয়ায় কিছুটা জট সৃষ্টি হয়েছে। তবে এখন থেকে নিয়মিত কমিটি দেয়ার চেষ্টা করা হবে। যারা ছাত্রদলের কমিটি থেকে বাদ পড়বে তাদের যুবদলসহ অন্যান্য সংগঠনে সুযোগ দেয়া হবে।কিন্তু যারা বাদ পড়বে তারা বিদ্রোহ করবে না।
তিনি বলেন, আমি ছাত্রদলের সভাপতিসহ ছাত্রদল ও বিএনপির নেতৃবৃন্দকে মুক্তি দাবী করছি।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদলের সাধারন সম্পাদক আকরামুল হাসান।
এমএইচ





